

বিনোদন প্রতিবেদক:বদলে গেছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের নাম। ‘বঙ্গবন্ধু’ নামে ছবিটির শুটিং শুরু হয়। তবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার। আর এতেই সামনে আসে নাম বদলের বিষয়টি। পোস্টারে দেখা গেল ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মুজিব’। ট্যাগলাইনে আছে ‘একটি জাতির রূপকার’।
বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পোস্টারটি উন্মুক্ত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা নায়ক আরিফিন শুভ, এফডিসির এমডিসহ আরও অনেকে। ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন ছবির পরিচালক বলিউডের নামজাদা নির্মাতা শ্যাম বেনেগাল।
গত দুই বছর ধরে ছবিটির নির্মাণযজ্ঞ চলছিল।
এতে শুভ ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।



