ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিবারের সঙ্গে গুরগাঁওয়ের সেন্ট্রাল পার্ক বিহার এলাকায় বসবাস করেন ধ্রুব রাঠি। দিল্লিতে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই পুলিশ তাঁকে আটক করে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল তাঁর বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁর মা দরজা খুলে দেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্যকে জড়ো হতে দেখা যায় বলেও উল্লেখ করা হয়েছে।
দিল্লিতে সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বিক্ষোভের অনুমতি না দেওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য জমায়েত ঠেকাতে সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
তবে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না এবং তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।










