ভারতের দিল্লির যন্তর মন্তরে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির প্রতি সংহতি জানাতে যাওয়ার পথে ‘হাম ভারত কে লোগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধী ও তাঁর কয়েকজন সহযোগীকে আটক করেছে মুম্বাই পুলিশ।
পুলিশের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, তুষার গান্ধীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকা থেকে আটক করে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে। তবে তুষার গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাঁকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে, তাঁর সহযোগী ও সংগঠনের সহসভাপতিকেও আন্ধেরি এলাকা থেকে আটক করে এমআইডিসি থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ তাঁদের আটকের বিষয়টি অস্বীকার করে বলেছে, তাঁদের শুধু হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার তুষার গান্ধী এক্সে একটি পোস্টার প্রকাশ করে মুম্বাইবাসীকে শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। দিল্লির যন্তর মন্তরে সিজেপির নির্ধারিত কর্মসূচির প্রতি সমর্থন জানাতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভ আয়োজনের অনুমতি চেয়ে কোনো আবেদন জমা পড়েনি। ফলে কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতিও দেওয়া হয়নি।










