রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, রাত সোয়া ১টার দিকে দুই থেকে তিন মিনিটের জন্য ঘটনাস্থলে অবস্থান করেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় তাঁরা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেল আরোহীরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান। তাঁদের শনাক্ত করতে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।










