ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিমানবন্দরেই পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর মধ্যেই মহারাষ্ট্র থেকে এসেছে দুঃসংবাদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকালে মারা গেছেন তাঁর দাদি।

শনিবার দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে পৌঁছান অভিজিৎ দীপকে। তবে বিমান অবতরণের পরপরই তাঁকে ও তাঁর সহযোগীদের আটক করে দিল্লি পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীপকের দাদি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সানতুক পিম্পরি গ্রামে বসবাস করতেন। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

citytouch 728-X-90

অভিজিৎ দীপকের পরিবার বর্তমানে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে বসবাস করে। তাঁর বাবার চাকরির কারণে পরিবারের সদস্যরা সেখানে থাকলেও দাদি পৈতৃক গ্রামেই থেকে গিয়েছিলেন।

ছেলেকে বিমান থেকে আটক করায় ক্ষুব্ধ বাবা

বিমান থেকে ছেলেকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ দীপকের বাবা। তাঁর অভিযোগ, দেশের স্বার্থে প্রতিবাদ করা একজন তরুণকে এভাবে বিমান থেকে আটক করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

তিনি প্রশ্ন তোলেন, সন্ত্রাসবাদী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কেন একজন প্রতিবাদী তরুণকে এভাবে আটক করা হলো। কোন আইনের ভিত্তিতে তাঁর ছেলেকে বিমানের ভেতর থেকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাও দাবি করেন তিনি।

দীপকের বাবার দাবি, কোনো শিক্ষার্থীকে এভাবে আটক করার ঘটনা নজিরবিহীন। তবে আটকের কারণ ও এর আইনগত ভিত্তি সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং তাঁদের আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক অবস্থান কী, তা স্পষ্ট নয়।