ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক পতন দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

এরপর মোদির পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। আসিফ নজরুলের মতে, মোদির পতন হলে ভারতে কিছুটা পরিবর্তন আসতে পারে। বিশেষ করে মুসলিমবিদ্বেষী রাজনীতি দুর্বল হতে পারে এবং দেশটির সমাজে বিদ্যমান বৈষম্য কিছুটা কমার সম্ভাবনা তৈরি হতে পারে।

citytouch 728-X-90

আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, মোদির পতন হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন ঘনিষ্ঠ মিত্রকে হারাতে পারেন। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতানিয়াহুর অবস্থানও প্রভাবিত হতে পারে বলে মত দেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, মোদি ও তাঁর রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছেন বলে তিনি মনে করেন। মোদির পতন হলে সংশ্লিষ্ট মানুষ ও তাঁদের পরিবারের সদস্যরা কিছুটা সান্ত্বনা পেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

আসিফ নজরুলের এই পোস্টে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মোদির নেতৃত্ব এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তাঁর ব্যক্তিগত অবস্থান উঠে এসেছে।