ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রানকা ও সৌরভ দাস মুক্তি পেয়েছেন। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর একই দিন দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে দলটি।

সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রানকা জানিয়েছেন, রোববার দুপুর ২টায় দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে সাম্প্রতিক পরিস্থিতি ও চলমান আন্দোলন নিয়ে বিস্তারিত বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতর থেকেই সিজেপির এই তিন নেতাকে আটক করা হয়। পরে তাঁদের দিল্লি ক্যান্ট থানায় নেওয়া হয়। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাঁদের মুক্তি দেওয়া হয়।

citytouch 728-X-90

এদিকে শনিবার দিল্লিতে বিক্ষোভ চলাকালে রাজনীতিবিদ, অভিনেতা ও আন্দোলনকর্মীসহ তিন হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। পরে তাঁদের অধিকাংশকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

রাজধানীর যন্তর মন্তর এলাকায় বড় ধরনের জমায়েত ও বিশৃঙ্খলা এড়াতে দিল্লির বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকায় বিক্ষোভকারীরা নির্ধারিত স্থানে একত্র হতে পারেননি। ফলে শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাঁরা প্রতিবাদ জানান।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে এই আন্দোলন চলছে। তিন নেতার মুক্তি ও সংবাদ সম্মেলনের ঘোষণার পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।