ইসরাইলের নির্বাচনে অর্থের বিনিময়ে আরব রাজনৈতিক দল রা’আমের পক্ষে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকার বাসিন্দা ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ইসরাইলি পুলিশের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগের দিন ভোটারদের রা’আম পার্টির পক্ষে ভোট দিতে অর্থ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিলেন সন্দেহভাজনরা।
এ ঘটনায় নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, সন্দেহভাজনদের কাছে নগদ অর্থভর্তি খাম এবং রা’আম নেতা মানসুর আব্বাসের জন্য নির্ধারিত ব্যালট পাওয়া গেছে। নির্বাচনের স্বচ্ছতা রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি তিনি ভোটারদের লিকুদ পার্টির পক্ষে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা আগে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তাঁদের কোনো ভোটকেন্দ্রের কাছাকাছি কিংবা ভোট দিতে আসা লোকজনের পাশে আটক করা হয়নি।
অভিযোগ অস্বীকার করেছে রা’আম পার্টি। দলটির দাবি, তাদের কর্মীদের আচরণে কোনো অনিয়ম হয়নি। বরং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নিয়ন্ত্রণাধীন পুলিশ আরব সমাজের ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ অর্থভর্তি কয়েকটি খাম জব্দ করা হয়েছে। এসব খামে কয়েক দশ হাজার ইসরায়েলি শেকেল ছিল। এ ছাড়া তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে, এমন কিছু নোট ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তিনজনকে দক্ষিণাঞ্চলীয় জেলার জালিয়াতি তদন্ত ইউনিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে মঙ্গলবারই আদালতে হাজির করার কথা রয়েছে।








