সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। সোমবার রাতে শহরের উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক জানান, হামলায় ২১ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে বাজারটিতে হামলা চালানো হয়। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিদেরও যাতায়াত ছিল। বিশেষ করে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা সেখানে আসতেন।

নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে পরিচিত। শহরটিতে বাহিনীটি নিজস্ব প্রশাসন প্রতিষ্ঠা করেছে, যা রাজধানী খার্তুমভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও দেশটির সামরিক বাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘদিনের এই যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। পাশাপাশি তৈরি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট।

আরএসএফের নিয়ন্ত্রণে থাকা নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।