দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) শুনানি শেষে ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত বাদীপক্ষের রিভিশন আবেদন নামঞ্জুর করেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, তদন্তের পর ওই ৯ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে বাদীপক্ষ রিভিশন আবেদন করেছিল। আদালত সেই আবেদনও খারিজ করে দিয়েছেন। তবে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে।

রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম বলেন, তারা এ আদেশে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, রবিউল আলমের আইনজীবী এর আগে তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছিলেন।

citytouch 728-X-90

২০২৪ সালের ১০ অক্টোবর রাজধানীর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় নিজ বাসায় হামলার শিকার হন তামিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার বাবা সুলতান আহমেদ হত্যা মামলা করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ১১ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পিবিআই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র দেয়। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে রবিউল আলমসহ ৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে তামিমের বাবা নারাজি আবেদন করলেও তা নামঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ এবং ওই ৯ জনকে অব্যাহতি দেওয়া হয়। সেই আদেশের বিরুদ্ধে করা রিভিশন আবেদনই এবার খারিজ হলো।