রাজধানীতে ট্রাকের ধাক্কায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্রাইভার নিহত
হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকার খিলগাঁও এলাকায় রাস্তায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল সরদার (৩৫) নামে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একজন গাড়িচালক নিহত হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সোমবার রাতে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল সরদার আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
খিলগাঁও থানার এসআই নাজমুল হুদা জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্ঠা চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাইফুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল উত্তরপাড়া গ্রামে। স্ত্রীর সাবিনা আক্তার ও একমাত্র ছেলেকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের গাড়িচালক ছিলেন সাইফুল। রাতে বিমানবন্দর থেকে কাজ শেষে নিজের মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।



