বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বলাকায় যাওয়া সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে আগামী দুই দিন সাংবাদিকদের বলাকার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।


citytouch 728-X-90

তিনি জানান, এমডির নির্দেশ অনুযায়ী আগামী দুই দিন কোনো সাংবাদিককে প্রধান কার্যালয়ের ভেতরে প্রবেশের অনুমতি না দিতে বলা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

সকাল থেকে বলাকার প্রধান ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশের অনুমতি নেই বলে জানান। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করা কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই তাদের ফিরে আসতে হয়।


এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম, সিদ্ধান্ত ও বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। এভাবে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও তারা মন্তব্য করেন।

দুই দিনের এই নিষেধাজ্ঞার বিষয়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংবাদিকদের প্রবেশ বন্ধ রাখার কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি।