ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি-২৬’-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিভিন্ন দেশের বিমানবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এ অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের বিমানবাহিনীর সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শেখা এবং যৌথ অভিযানে সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দল অংশ নেয়। এ দলে পাইলট ও কারিগরি সদস্যরা ছিলেন। এ ছাড়া আরও দুজন সদস্য পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ছাড়াও মহড়ায় অংশ নেয় ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে আটটি দেশের বিমান ও আকাশযান এতে যুক্ত ছিল। পাশাপাশি ৩২টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে অংশ নেন।
মহড়ার প্রথম পর্যায়ে ছোট পরিসরে বিমান অভিযান পরিচালনা করা হয়। পরে তা বড় পরিসরের যৌথ অভিযানে রূপ নেয়। নেটওয়ার্কভিত্তিক পরিবেশে এসব অভিযানে একসঙ্গে সর্বোচ্চ ৪০টি উড়োজাহাজ অংশ নেয়।
অনুশীলনে অংশগ্রহণকারী বিমানবাহিনীগুলোকে প্রতিকূল আকাশসীমায় জটিল অভিযান পরিকল্পনা ও পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। এতে দৃষ্টিসীমার বাইরে থেকে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের হুমকি এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোকাবিলার পরিস্থিতিও অন্তর্ভুক্ত ছিল।
এর আগে বাংলাদেশ বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কোপ সাউথ’ ও ‘থান্ডার লাইটনিং’-এর মতো দ্বিপক্ষীয় মহড়ায় অংশ নিয়েছে। তবে একাধিক দেশের বিমানবাহিনীর সঙ্গে বৃহৎ পরিসরে সমন্বিত অভিযানে অংশ নেওয়া বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে।
উড্ডয়ন কার্যক্রমের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানেও অংশ নেন। এ সময় যোগচর্চাসহ ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী অনুশীলন সম্পর্কে জানার সুযোগ পান তারা। পাশাপাশি ভারতের প্রতিরক্ষা শিল্পও পরিদর্শন করেন মহড়ায় অংশ নেওয়া সদস্যরা।










