প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশও আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এ ছাড়া ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং পরদিন সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।








