ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
মাত্র দুই মাস আগে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। ফলে সেপ্টেম্বরের তুলনায় গত দুই মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে মোট ৪৭৫ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে। নতুন মূল্যহার ঘোষণার পর থেকেই তা কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এলপিজির অন্যান্য সাইজের সিলিন্ডারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজির ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজির ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজির ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজির ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ৫০ টাকা বেড়ে তা ১ হাজার ৩৫৬ টাকা হয়। তবে মার্চে দাম কিছুটা কমে দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকায়।
এরপর এপ্রিলে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা। মে মাসে আরও ২১২ টাকা বেড়ে সিলিন্ডারের দাম হয় ১ হাজার ৯৪০ টাকা।
তবে মে মাসের পর কয়েক মাস এলপিজির দাম কমতে থাকে। জুনে ৫৫ টাকা কমে দাম দাঁড়ায় ১ হাজার ৮৮৫ টাকা। জুলাইয়ে ৩৫৭ টাকা কমে তা নেমে আসে ১ হাজার ৫২৮ টাকায়। আগস্টে ৭০ টাকা বেড়ে দাম হয় ১ হাজার ৫৯৮ টাকা। পরে সেপ্টেম্বরে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সেখান থেকে পরবর্তী দুই মাসে দফায় দফায় দাম বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকায় নির্ধারণ করা হলো।








