২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।
মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এই চার দিনের মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার।
এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে—একটি শুক্রবার ও দুটি শনিবার।
সব মিলিয়ে আগামী বছর ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন শুক্র ও শনিবারে পড়েছে। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ২২ দিন ছুটি ভোগ করতে পারবেন।








