প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারীতে সুবিধাবঞ্চিত ও গৃহহীন পরিবারের জন্য উপহার হিসেবে দেওয়া তিনটি ঘরের সঙ্গে নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও একটি ঘর যুক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ নিয়ে মোট চারটি ঘর বিতরণ করা হয়েছে।
উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ত্রিপুরা পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহহীন পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্যে মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার মতো সামর্থ্য বা ক্ষমতা তাঁর নেই। তবে হাটহাজারীর সুবিধাবঞ্চিত ও গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী যে তিনটি ঘর উপহার দিয়েছেন, তার সঙ্গে তিনি নিজের অর্থায়নে আরও একটি ঘর যুক্ত করেছেন। মোট চারটি ঘর উপহার দেওয়ার এই উদ্যোগকে তিনি প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে উৎসর্গ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন চান প্রধানমন্ত্রী। তাঁর এই লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী, সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীর গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসনে ব্যক্তিগত অর্থায়নে ঘর দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেওয়া হয়।
ঘর বিতরণ অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









