প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন-এর পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগরে চিকিৎসাধীন রোগী ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হয়।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি তাঁর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, ধর্মমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর জন্মদিনকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









