শান্তিশৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গোপালগঞ্জ সার্কিট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করে, তাদের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে হবে। এ ধরনের মানুষের সংখ্যা বেশি নয়। অতীতেও আন্দোলন হয়েছে এবং পরে তাদের পরিণতি কী হয়েছে, তা সবাই দেখেছেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জবাসীকে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশপ্রধান বলেন, বর্তমান পরিস্থিতি তাঁর কাছে অনেক ভালো মনে হয়েছে। আগামী দিনেও পরিস্থিতি ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের উদ্দেশে আইজিপি বলেন, থানা জনগণের জন্যই। জনগণ যদি নিজেদের থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে? পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আর পুলিশ প্রয়োজন না হলে নিজেদের আইনশৃঙ্খলা নিজেদেরই বজায় রাখতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে গোপালগঞ্জে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইজিপির পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহম্মেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভায় অংশ নেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তাঁরা। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে ঢাকার উদ্দেশে রওনা হন কর্মকর্তারা।









