আগামী দিনের বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম ও দক্ষ শিক্ষার্থী গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ জন্য আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে শিক্ষার মানোন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-এন্যুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সি প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও মেধার বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী একটি অদৃশ্য সম্পদ। তাদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।
শিক্ষার আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারারসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









