গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন প্রচারকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বিজিবি।
বাহিনীটির এক বিবৃতিতে বলা হয়, ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার ও পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে বাস্তবে দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী বাহিনীর নিজস্ব অর্থায়নে সরবরাহকারীদের কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে কেনা হয়।
বিবৃতিতে জানানো হয়, স্থানীয় দোকানির কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনা হয়। পরে ওই দোকানি ভ্যানে করে বিজিবি সদস্যদের কাছে পানি পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির কোনো সম্পৃক্ততা নেই।
বিজিবি আরও জানায়, সাধারণ একটি ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচার নিন্দনীয়।
বিবৃতিতে বলা হয়, বিজিবি একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার, রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সবসময় বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানে এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই।
বাহিনীর নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করা বাস্তবতাবিবর্জিত এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল বলেও উল্লেখ করা হয়।
এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজিবি। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাহিনীটি।
গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করার অনুরোধও জানানো হয়েছে বিবৃতিতে। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বিজিবি।









