কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন।

সিলেটের দাড়িয়াপাড়ায় নিজের বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন হয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। পালিয়ে থাকা কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তাঁর অবস্থান কোথায়, তা বাংলাদেশের জনগণ এবং দেশের আইনের শাসনব্যবস্থা স্পষ্ট করে দিয়েছে।

তিনি আরও বলেন, আইন প্রয়োগ ও ন্যায়বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না। যারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলটির বর্তমান কর্মকাণ্ডের কারণে তাদের আওয়ামী সন্ত্রাসী লীগ হিসেবে অভিহিত করা হচ্ছে। তাঁর দাবি, দলটির নেত্রী নিজের দল ও পরিবারকে ধ্বংস করেছেন এবং দলের ভেতরে থাকা নেতাকর্মীদেরও ক্ষতির মুখে ফেলছেন।

এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো চাপে নেই। বরং সংশ্লিষ্ট ব্যক্তিরাই আতঙ্কিত। তাদের কেউ দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, আবার কেউ গ্রেফতার হবেন।

নিজের পারিবারিক বাসার ফটকে আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হামলাকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। তাঁর ভাষায়, হামলাকারীদের অবস্থাও এমন হয়েছে যে তারা স্লোগান দিয়ে পালিয়ে যায়, পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না।