গুম-খুন, অগ্নিসন্ত্রাস, ব্যাংক লুট, বিদেশে অর্থ পাচার ও ভোটাধিকার হরণের রাজনীতি দেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী মতের কণ্ঠরোধ করা হয়েছে। নিজেরাই অগ্নিসংযোগ করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বন্দুকের নল তাক করে আদালতের মাধ্যমে বিরোধীদের কারাগারে পাঠিয়ে নাৎসি বাহিনীর মতো আচরণ করা হয়েছে।

দাগনভূঞার সরকারি আতাতুর্ক মডেল হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের অত্যাচারিত, নির্যাতিত ও গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন। তাদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশে গণতান্ত্রিক ধারার যাত্রা শুরু হওয়ায় স্বৈরাচারী শক্তিগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তারা আবারও অতীতের কর্মকাণ্ডে ফিরে যেতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস, খুন, অপহরণ ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপকর্মের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে, যেন ভবিষ্যতে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে।

পরিবেশমন্ত্রী বলেন, ক্ষমতালোভী আওয়ামী লীগ জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে। এখন জনগণ জেগে উঠেছে। পাড়া-মহল্লায় দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অপকর্মের হোতাদের প্রতিহত করতে হবে।

তিনি মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনে এলাকাকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার কথা বলেন। নিজেরা অপরাধ না করা এবং অন্যকেও অপরাধ করতে না দেওয়ার প্রতিজ্ঞা করার আহ্বান জানান তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ২০২৪ সালে দেশের গণতন্ত্রকামী মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসী ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেভাবেই আবারও সোচ্চার হতে হবে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সভাপতিত্ব করেন। এতে ফেনী জেলা বিএনপি ও দাগনভূঞা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।