দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এটাই জাতির প্রত্যাশা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ উপলক্ষে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের সময় সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে অভিযান শুরু করে, যা চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল। সশস্ত্র বাহিনীর সেই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে উজ্জীবিত করে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
রাষ্ট্রপতি বলেন, ধারাবাহিক প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
বাণীর শেষে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।









