আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়নে তিনটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রস্তাবিত উদ্যোগগুলো হলো—শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে অংশীদারত্ব গড়ে তোলা, যৌথ গবেষণা ও শিল্প বা সামাজিক সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়ন।

রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রস্তাব দেন।

উদ্যোগগুলো বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, ৩০ দিনের মধ্যে প্রতিটি উদ্যোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, ৯০ দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনা করা যেতে পারে। এ জন্য আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন ও কাজের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করতে হবে। শুধু ডিগ্রি অর্জন নয়, স্নাতকদের কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা, দলগতভাবে কাজ করা এবং নতুন উদ্যোগের মাধ্যমে বাস্তব সুফল তৈরির দক্ষতাও অর্জন করতে হবে।

এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ, এসব প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্প এবং উদ্যোক্তা তৈরির শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তবে প্রত্যেক স্নাতককে উদ্যোক্তা হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও উল্লেখ করেন।

গবেষণার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, কৃষি, জনস্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানির মতো বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতায় যৌথ গবেষণার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, মৌলিক গবেষণার পাশাপাশি সাহিত্য, ইতিহাস ও দর্শনের মতো মানবিক বিদ্যার চর্চা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে বাস্তব সমস্যার সমাধানে গবেষণার প্রয়োগ বাড়ানো জরুরি। তবে এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও গবেষণার মান বজায় রাখতে হবে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করলেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে এসব সম্পর্ককে কার্যকর করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার প্রসঙ্গে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবে, ব্যবহারের তথ্য কীভাবে জানাবে এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে—এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

উচ্চশিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মতামত গ্রহণ, পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা, মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণায় সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান শুধু র‌্যাঙ্কিং দিয়ে বিচার করা যায় না; শিক্ষার মান, ডিগ্রির গ্রহণযোগ্যতা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল যোগাযোগব্যবস্থা এবং একাডেমিক ও প্রশাসনিক সেবার সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি। নারী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং বড় শহরের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন।

সম্মেলনের একটি অধিবেশনে এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও আইএইউপি যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। এতে ২৫টি দেশের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।