প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে। পরে এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক দিনে সারা দেশে মোট ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।