টানা কয়েক দিনের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হয়নি। আজও ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দূষিত শহরের তালিকায়ও ওপরের দিকে অবস্থান করছে রাজধানী। এ পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৪৪। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে ঢাকা।

তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৬৩। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ২২৯। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। ইরাকের রাজধানী বাগদাদ ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বায়ুমান সূচক অনুযায়ী, কোনো শহরের বাতাসের মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।