আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, জুলাইয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আর গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে, কাউকে হত্যা করা হয়নি।
তবে আওয়ামী লীগকে তাদের অপরাধের জন্য ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলকে আজীবনের জন্য ঘৃণা করে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, দলটির ওপর নিষেধাজ্ঞা, দেশে আইনের শাসন এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে এসব কথা বলেন ফজলুর রহমান।
তিনি বলেন, কোনো দলের কেউ অপরাধ করলে সঠিক বিচারের মাধ্যমে তার শাস্তি হওয়া উচিত। আওয়ামী লীগের অপরাধের বিচার ও শাস্তি নিয়ে তার কোনো আপত্তি নেই। তবে ৩০ শতাংশের বেশি মানুষের সমর্থন রয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা পালন করেছে—এমন একটি রাজনৈতিক দলকে বন্ধ করে রাখা সমীচীন নয় বলে মনে করেন তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার বিষয়ে তিনি বলেন, একটি দলকে দীর্ঘদিন বন্ধ করে রাখা অনেকটা নদীতে বাঁধ দেওয়ার মতো। নদীর স্রোত আটকে দিলে একসময় পানি অন্য দিক দিয়ে উপচে পড়ে। যেদিন সেই বাঁধ ভেঙে যাবে, সেদিন লোহার বাঁধ দিয়েও স্রোত থামানো সম্ভব হবে না। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, শেষ পর্যন্ত তারাই সেই স্রোতের মুখে পড়তে পারেন।
ফজলুর রহমানের মতে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পেছনে সুনির্দিষ্ট কারণ ও ব্যাখ্যা থাকা প্রয়োজন। আন্তর্জাতিক মহলের কাছেও ব্যাখ্যা থাকতে হবে, কেন দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো দলকে আজীবনের জন্য নিষিদ্ধ করে রাখার চেয়ে জনগণের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত। উদাহরণ হিসেবে মুসলিম লীগের কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি একসময় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে নির্বাচনে জনগণের সমর্থন পাচ্ছে না। আওয়ামী লীগকেও জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ দেওয়া উচিত।
জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক ঐক্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, জামায়াত একসময় বিএনপিকে ধাক্কা দেবে, সেটি তিনি দেখার অপেক্ষায় রয়েছেন। সংসদে দুই দলকে একসঙ্গে আনন্দ করতে দেখলেও ভবিষ্যতে জামায়াত বিএনপিকে কত দিন সহযোগিতা করে, তা দেখার বিষয়।
দেশের অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বাধার অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, বর্তমানে বিএনপি, জামায়াত ও এনসিপি ছাড়া অন্য দলগুলো ঠিকমতো রাজনীতি করতে পারছে না। কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে।
তার দাবি, এসব দল রাজপথে মিছিল করতে পারলে দেশের রাজনৈতিক পরিস্থিতি বোঝা সরকারের জন্য সহজ হতো। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদেরও প্রতিবাদ ও পাল্টা অবস্থান থাকত। কিন্তু এসব দলের সভা-সমাবেশ ও মিছিল করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি মিছিল করতে গেলে হামলার ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেন তিনি।
ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটি বড় বিষয় নয়; কোনো দল বা সংগঠনের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ছাত্রদল, যুবদল, জামায়াত কিংবা এনসিপির পরিচয়ে কেউ বাড়িঘরে আগুন দিলে তাদেরও আইনের আওতায় আনতে হবে।
তিনি প্রশ্ন তোলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ভিন্ন আচরণ করা হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের আইন প্রয়োগের ধরন নিয়েও প্রশ্ন তুলে বিএনপির এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একইভাবে অন্য দলের কেউ অপরাধ করলেও তার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। এক দলের ক্ষেত্রে কঠোরতা এবং অন্য দলের ক্ষেত্রে সহনশীলতা দেখানো হলে তা একচোখা আচরণ হবে।
সবশেষে জামায়াতের সঙ্গে বিএনপির নতুন রাজনৈতিক ঐক্য নিয়ে প্রশ্ন তোলেন ফজলুর রহমান। তিনি বলেন, একসময় জামায়াতের রাজনৈতিক তৎপরতা নিয়ে বিএনপির নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অথচ সেই জামায়াতের সঙ্গেই আওয়ামী লীগকে ঠেকানোর নামে বিএনপি নতুন করে ঐক্য করেছে। এই ঐক্যে বিএনপি লাভবান হবে, নাকি আরও বড় বিপদের মুখে পড়বে, সেটিই এখন দেখার বিষয়।









