দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রেল যোগাযোগ জোরদার করতে ৩ হাজার ৭৭৯ কোটি ২৫ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পের আওতায় ২০০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ, চারটি রিলিফ ক্রেন এবং চারটি আন্ডারফ্লোর হুইল লেদ মেশিন সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। তবে প্রকল্পের ব্যয় প্রাক্কলন, ঋণের অর্থায়ন, পরামর্শক নিয়োগসহ বিভিন্ন খাতে অসংগতি পেয়েছে পরিকল্পনা কমিশন। এসব কারণে প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করেছে। সম্প্রতি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্পটির বিভিন্ন ব্যয় নিয়ে আপত্তি তোলা হয়।
সভায় উঠে আসে, নতুন ক্যারেজ ও সরঞ্জামের ব্যয় নির্ধারণে প্রায় সাত বছর আগের বাজারদর অনুসরণ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় বেশি পরামর্শক নিয়োগ, অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ, ২৫ লাখ টাকার ভ্রমণ ব্যয় এবং স্টেশনারি কেনার জন্য ২০ লাখ টাকা রাখাসহ বিভিন্ন অসংগতি রয়েছে। এসব খাতে ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় বরাদ্দ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৭৯ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ১২১ কোটি ৪ লাখ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ ২ হাজার ৬৫৮ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পের প্রস্তাবিত মেয়াদ ছিল ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। তবে পিইসি সভায় মেয়াদ পরিবর্তন করে চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, সংস্থাটির বহরে বর্তমানে ১ হাজার ২৮২টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ রয়েছে। এর মধ্যে ৬৯৫টির বয়স ৩০ বছরের বেশি। আবার ৬৮১টি ক্যারেজ বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে চলাচল করছে। যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি ক্যারেজের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩৫ বছর। পর্যাপ্ত বিকল্প না থাকায় মেয়াদোত্তীর্ণ বগিগুলোও ব্যবহার করতে হচ্ছে। এতে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
নতুন ক্যারেজ সংগ্রহের প্রয়োজনীয়তা থাকলেও এর ব্যয় নির্ধারণে যথাযথ বাজার যাচাই করা হয়নি বলে মনে করছে পরিকল্পনা কমিশন।
সভায় রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্যারেজ, প্রশিক্ষণ, যন্ত্রাংশ ও বিভিন্ন সরঞ্জামের ব্যয় প্রাক্কলনে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে বাস্তবায়িত ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ প্রকল্পের ২০১৯ সালের ১৫ অক্টোবরের মূল্যতালিকা অনুসরণ করা হয়েছে। এর সঙ্গে ৫ শতাংশ মূল্যবৃদ্ধি যোগ করা হয়েছে। অন্যদিকে রিলিফ ক্রেনের ব্যয় নির্ধারণে এডিবির অর্থায়নে রেলওয়ের আরেকটি প্রকল্পের বাজারদর বিবেচনায় নেওয়া হয়েছে। তবে বর্তমান বাজারদর বিশ্লেষণ করে নতুন করে ব্যয় প্রাক্কলনের নির্দেশ দিয়েছে পিইসি।
অর্থায়নের ক্ষেত্রেও ঘাটতি পেয়েছে কমিশন। ডিপিপিতে এডিবির ঋণের কথা উল্লেখ থাকলেও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ঋণদাতা সংস্থার সম্মতিপত্র সংযুক্ত করা হয়নি। সভায় ইআরডির প্রতিনিধি ঋণের বিষয়ে নিশ্চয়তা দিলেও এটি নন-কনসেশনাল বা কঠিন শর্তের ঋণ হবে বলে জানান। এ অবস্থায় ইআরডির সম্মতিপত্র যুক্ত করে ডিপিপি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরামর্শক নিয়োগের ক্ষেত্রেও ব্যয় কমানোর সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পের তিনটি উপাদানের জন্য পৃথক পরামর্শক নিয়োগের প্রস্তাব করা হয়েছিল। পিইসি সভায় মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ-সংক্রান্ত পরামর্শক খাত বাদ দিয়ে বাকি দুটি কাজ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রি-শিপমেন্ট পরিদর্শন ফি নির্ধারণের ভিত্তি ব্যাখ্যা করতে বলা হয়েছে।
প্রকল্পের আনুষঙ্গিক ব্যয়েও বড় ধরনের কাটছাঁটের নির্দেশ এসেছে। বিজ্ঞাপনের জন্য ১৬টি প্যাকেজের পরিবর্তে সাতটি নির্ধারণ করে বরাদ্দ ৪ লাখ ৮০ হাজার টাকা করতে বলা হয়েছে। স্টেশনারি কেনার ব্যয় ২০ লাখ থেকে কমিয়ে ৩ লাখ টাকা নির্ধারণের পাশাপাশি অফিস সরঞ্জাম ও আসবাবপত্র কেনার খাত বাদ দিতে বলা হয়েছে।
এ ছাড়া জরিপ ফি ৭৫ লাখ থেকে কমিয়ে ৪৫ লাখ টাকা এবং ভ্রমণ ব্যয় ২৫ লাখ থেকে কমিয়ে ২ লাখ টাকা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত টেস্টিং ফি খাতও ডিপিপি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরিবহন ব্যয়ের ক্ষেত্রে শুধু ট্রেইলার, লোডিং ও আনলোডিংয়ের খরচ রেখে রেলের মালামাল পরিবহনের প্রস্তাবিত ব্যয় বাদ দিতে বলা হয়েছে। দুটি ফোর হুইলার গাড়ি কেনার পরিবর্তে একটি মাইক্রোবাস ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফিজিক্যাল কন্টিনজেন্সি ২ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ এবং প্রাইস কন্টিনজেন্সি ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করতে হবে। পাশাপাশি ক্যারেজ ও মালামাল বন্দরে রাখার চার্জ পোর্ট রেট অনুযায়ী নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।
প্রকল্পের জনবল অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী নির্ধারণ, সম্মানী খাতে কমিটি ও সভার সংখ্যা বিবেচনায় ব্যয় প্রাক্কলন এবং উৎসব খাত বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সব মিলিয়ে প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় যৌক্তিকীকরণ ও অপ্রয়োজনীয় বরাদ্দ বাদ দিতে ১৩ দফা নির্দেশনা দিয়েছে পিইসি। এসব নির্দেশনা অনুসরণ করে দ্রুত সংশোধিত ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
অর্থাৎ পুরোনো ক্যারেজের পরিবর্তে নতুন বগি সংগ্রহের প্রয়োজনীয়তা থাকলেও প্রকল্পের ব্যয় ও বিভিন্ন খাতের অসংগতি দূর না হওয়া পর্যন্ত এর অনুমোদনের সুপারিশ চূড়ান্ত হচ্ছে না।








