দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।
বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে নয় জেলায় মোট ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে।
গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক আছে।
গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
অন্যদিকে, নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। তাদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, সড়কে যান চলাচল এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি ও নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানার কার্যক্রম সচল রাখা এবং নির্বিঘ্নে জনসাধারণের চলাচল বজায় রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের এ দায়িত্ব পালন অব্যাহত থাকবে।









