পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বর্তমান সরকার পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।

যশোরের কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছয়তলা ভিত্তির ওপর ভবনটি প্রাথমিকভাবে চারতলা পর্যন্ত নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার পুলিশকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করেছে এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। তবে প্রধানমন্ত্রী পুলিশ ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ দেননি।

যশোর কোতোয়ালি থানার ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সারা দেশে মব সংস্কৃতির মধ্যে বিভিন্ন থানা লুটপাটের শিকার হলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে এই থানা রক্ষা করেছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের ভূমিকা অপরিহার্য।

এ সময় নির্ধারিত সময়ের মধ্যে থানা ভবনের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে নির্মাণকাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করতে যশোর গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, যশোরে সরকারি কোনো স্থাপনার নির্মাণকাজের মান নিয়ে আপসের সুযোগ নেই।

পুরোনো থানা ভবনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতি সংরক্ষিত ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নতুন ভবন নির্মাণের পর থানা প্রাঙ্গণে তাদের স্মৃতি সংরক্ষণের জন্য আলাদা উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।