দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের অধীনে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।
তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তিন বাহিনীর সমন্বিত এই অভিযান মুক্তিযুদ্ধের গতি ত্বরান্বিত করে। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ঘাঁটির এয়ার অধিনায়ক মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন। পরে সামরিক বাহিনীর পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যান্ড ড্রিল পরিবেশনা ও আকর্ষণীয় মহড়া আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।









