বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মকে দেখলে ভয় লাগে। কারণ, তারা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় তাদের প্রজন্মের চেয়ে অনেক বেশি এগিয়ে। এই প্রজন্মের নাম জেন-জি।
রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তাদের মেধা ও সৃজনশীলতার এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্দেশ্য শুধু কয়েকজনকে আর্থিক সহায়তা করা নয়; বরং পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, জ্ঞানচর্চা ও মেধার বিকাশে আরও উৎসাহিত করা।
নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণা করে তিনি বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার সময় অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, চিকিৎসক মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে।
আইনমন্ত্রী বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয়ের পর তাদের মনে হয়েছিল, পুরো পৃথিবী যেন তাদের। তখন নিজেদের চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আর কারও নেই বলে মনে হতো। কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গড়ে উঠবে, তা তারা বুঝতে পারেননি।
গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের অনেক হত্যাকাণ্ডকে ক্রসফায়ার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তাদের অনেকে এখনো ফিরে আসেননি। স্বজনেরা এখনো প্রিয়জনের ফেরার অপেক্ষায় রয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণদের নিয়ে কাজ করতে হলে দায়িত্বশীলতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বরং ভবিষ্যতের জন্য যোগ্য উত্তরসূরি তৈরি করাই হওয়া উচিত মূল লক্ষ্য।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার উদ্যোগও অন্যদের অনুপ্রাণিত করতে পারে। ভালো কাজ করতে গেলে নানা বাধা আসবে, তবে সাহস ও সদিচ্ছা থাকলে তা অতিক্রম করা সম্ভব।
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিষয়ে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করা জরুরি। শুধু সরকারি চাকরিকে একমাত্র লক্ষ্য না ধরে বেসরকারি খাত, উদ্যোক্তা হওয়া, উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনাও বিবেচনায় নিতে হবে। নির্ধারিত লক্ষ্য অর্জনে সময়ের সঠিক ব্যবহার এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার ২০০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।
এ সময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।









