আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে কিনা, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানান তিনি।
রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের এক মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল, সরকারও তাদের মতো গুলি চালাবে। তবে বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এসব ঘটনার জন্য দলটির কোনো অনুশোচনা নেই।
অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং বিভিন্ন আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল বলে দাবি করেন আইনমন্ত্রী। তাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। স্বজনদের অপেক্ষা ও কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, অনেক পরিবার এখনো প্রিয়জনের ফিরে আসার আশায় প্রার্থনা করছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
দেশকে সেই দুঃসময় থেকে বের করে আনতে জেন-জি প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে আইনমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই প্রজন্ম নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা এবং বন্ধু-সতীর্থদের আহাজারি ভুলে যায়নি। তাদের সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তারা।









