সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সুযোগে দেশের বিভিন্ন নৌঘাঁটি ও বন্দরে জাহাজ দেখতে ভিড় করেন নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক দর্শনার্থী।

দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা এসব জাহাজ ঘুরে দেখেন। ঢাকার সদর দপ্তর, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালের বিভিন্ন নৌঘাঁটি ও বন্দরে জাহাজগুলো পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

এ বিশেষ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। জাহাজ পরিদর্শনের মাধ্যমে সাধারণ মানুষ নৌবাহিনীর জাহাজ ও নৌযানের বিভিন্ন অংশ, দৈনন্দিন কার্যক্রম এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।

এ সময় নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশ ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং পরিদর্শনে সহযোগিতা করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে নৌবাহিনীর সক্ষমতা ও অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।