রাজনীতির লড়াই এখন আর রাজপথে সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমও হয়ে উঠেছে রাজনৈতিক প্রচার ও জনমত গঠনের অন্যতম হাতিয়ার। সম্পাদনা ও প্রচলিত গণমাধ্যমের মতো জবাবদিহির কাঠামো না থাকায় এসব মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে নানা তথ্য, অপতথ্য ও গুজব। বিশ্বজুড়ে রাজনীতি, কূটনীতি, অর্থনীতি ও যুদ্ধের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও এর প্রভাব পড়েছে। অভিযোগ উঠেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পক্ষে নানা বয়ান ও প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে সরকার, বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল এসব প্রচারণার বিপরীতে কার্যকর ও বিশ্বাসযোগ্য তথ্য তুলে ধরতে পিছিয়ে রয়েছে। ফলে প্রতিদিন নতুন নতুন গুজব ছড়াচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, সরকার যদি দ্রুত ও বিশ্বাসযোগ্য পাল্টা বয়ান তৈরি করতে না পারে, তাহলে অপপ্রচারের প্রভাব আরও বাড়তে পারে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য ও দাবিতে এমন প্রবণতা দেখা যাচ্ছে। বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি ও সাবেক সাংবাদিকের বিরুদ্ধেও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্ধারিত হয়ে গেছে এবং মন্ত্রী-সংসদ সদস্যদের পাসপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে। এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ না থাকলেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে জনমনে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে বিদেশি বিভিন্ন মহল থেকেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, এসব প্রচারণার লক্ষ্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রভাবিত করা।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের মতে, কোনো প্রোপাগান্ডাই দীর্ঘ সময় টিকে থাকে না। মানুষ একসময় সত্য-মিথ্যা বুঝতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফেসবুক, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার এখন বিশ্বব্যাপী সমস্যা। শুরুতে এর কিছু নেতিবাচক প্রভাব পড়লেও তা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি বলেন, আওয়ামী লীগকে মানুষ তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই চেনে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে দলটির কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতা হিসেবে দেখছেন তিনি।

পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক প্রচারণায় পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার কৌশল নতুন নয়। নাৎসি জার্মানিতে হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস মিথ্যাকে বারবার প্রচারের মাধ্যমে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। শত্রুপক্ষকে বিভক্ত করা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো কৌশলও সে সময় ব্যবহার করা হয়। বিশ্লেষকদের ধারণা, ডিজিটাল প্রযুক্তির যুগে একই ধরনের প্রচারণা আরও দ্রুত ও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে।

জাতীয় অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরীর মতে, কোনো ঘটনা নিয়ে দেশি-বিদেশি পর্যায়ে বিভ্রান্তিকর ও নেতিবাচক বয়ান তৈরি হলে তার তথ্যভিত্তিক জবাব দেওয়া জরুরি। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়সহ স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলে সরকারকে যথাযথ তথ্য ও প্রমাণের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেই জনমতের লড়াইয়ে জয় নিশ্চিত হয় না। জনগণের কাছে নিজেদের অবস্থান বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে না পারলে প্রতিপক্ষের প্রচারণা রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করতে পারে। আওয়ামী লীগের প্রচারণা মোকাবিলায় সরকারের পাশাপাশি বিএনপিরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

বিশ্লেষকদের দাবি, গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। এ লক্ষ্যে দেশে-বিদেশে অবস্থানরত কিছু সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীকে ব্যবহার করে নিজেদের পক্ষে বয়ান তৈরির অভিযোগও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ঘটনা ও আবেগকে কেন্দ্র করে প্রচারণা চালানোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এসব প্রচারণার বিপরীতে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে দ্রুত ও সমন্বিত তথ্য প্রকাশের ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে কোনো ঘটনার প্রকৃত তথ্য সামনে আসার আগেই নানা অনুমান ও গুজব ছড়িয়ে পড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে।

ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সরকারের অন্যতম দুর্বলতা হলো দ্রুত ও সমন্বিত তথ্য সরবরাহের অভাব। কোনো ঘটনার প্রাথমিক তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলো যাচাই করা তথ্য প্রকাশ না করলে সেই শূন্যস্থান গুজব ও রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে পূরণ হয়। প্রযুক্তি ও মেশিন লার্নিংয়ের সহায়তায় ছড়িয়ে পড়া তথ্য যাচাই করে কোনটি সত্য আর কোনটি মিথ্যা, তা স্পষ্টভাবে জানানো প্রয়োজন।

অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণা অনেক ক্ষেত্রে হাস্যরস ও ট্রলের বিষয় হয়ে উঠেছে। তবে এতে সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। পাল্টা বয়ান তৈরির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সক্রিয় হতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি ও প্রকৃত তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।

বিশ্লেষকদের মতে, অপপ্রচার মোকাবিলায় শুধু রাজনৈতিক বক্তব্য বা পাল্টা প্রচারণা যথেষ্ট নয়। প্রয়োজন তথ্যের স্বচ্ছতা, দ্রুত প্রতিক্রিয়া, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং সমন্বিত উদ্যোগ। একই সঙ্গে গণমাধ্যম ও নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। অন্যথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য জনমতকে প্রভাবিত করার সুযোগ পেতে থাকবে।