কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে বিরোধী দলগুলোকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। এতে ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তবে সংলাপের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।
সংলাপের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠকের পর বিরোধী দলগুলোর জোটের মধ্যেও এ বিষয়ে ফলোআপ আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাতীয় সংলাপ আয়োজনের প্রাথমিক প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। ওই বৈঠকের পর সংসদে দেওয়া বক্তব্যে তারা দুজনই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী সংসদের ভেতরে ও বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এরপরই বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানায় বিএনপি।
তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি নন দলগুলোর শীর্ষ নেতারা। বিএনপির আমন্ত্রণের পর সরকারি দল ও বিরোধী জোট পৃথকভাবে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি পালন করছে।
সরকারদলীয় নেতারা বলছেন, জুলাই আন্দোলনে যেসব দল একসঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, ভবিষ্যতেও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা মনে করছেন, জাতীয় সংলাপের মাধ্যমে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর ঐক্য পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ তৈরি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ঐক্য গড়ে তোলার প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে নীতিগত সমঝোতার চেষ্টা চলছে। তবে বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে দরকষাকষিও রয়েছে। বিশেষ করে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ, জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া এবং রাজনৈতিক নেতাদের পারস্পরিক বক্তব্য নিয়ে আলোচনা চলছে।
বিরোধী জোটের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, গণভোটের রায় অনুযায়ী নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। পাশাপাশি বিরোধী দলগুলোর বিরুদ্ধে সরকারি দলের নেতাদের অপ্রাসঙ্গিক ও আক্রমণাত্মক বক্তব্য বন্ধের বিষয়টিও তারা গুরুত্ব দিচ্ছে।
এ ছাড়া প্রতিটি জেলায় নির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী কমিটি গঠনের বিষয়টি আলোচনায় রয়েছে। অন্যদিকে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় বিএনপি। আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে জুলাই আন্দোলনের মতো রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানও চায় সরকারি দল।
সরকার ও বিরোধী দলের কয়েকজন নেতার মতে, আওয়ামী লীগের বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে দেশের বাইরের প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে। এসব তৎপরতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না থাকলে দেশের স্থিতিশীলতা রক্ষা কঠিন হতে পারে। তাই জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করছেন তারা।
বিএনপি সূত্রের দাবি, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার বিষয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে। এ সমঝোতার ভিত্তিতে দলগুলো পৃথক কর্মসূচি পালন করছে। পাশাপাশি প্রধানমন্ত্রী যে ঐক্যবদ্ধ মঞ্চ গঠনের আহ্বান জানিয়েছেন, তা বাস্তবায়নের প্রক্রিয়াও চলছে।
সূত্র আরও জানায়, সংবিধান সংশোধনসংক্রান্ত ১৭ সদস্যের বিশেষ কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানিয়েছে সরকারি দল। তবে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধী দল এখনো প্রতিনিধি দেয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি নোট অব ডিসেন্টের কিছু বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও জানা গেছে। তবে এর বিনিময়ে বিরোধী দলগুলোর কাছ থেকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় ইতিবাচক সহযোগিতা এবং কয়েকটি বিষয়ে অভিন্ন অবস্থান প্রত্যাশা করছে সরকারি দল।
অন্যদিকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। তাদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে কোনো আপস করা উচিত নয়। সনদের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাদ দিয়ে বা আংশিক বাস্তবায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সনদের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নে সুস্পষ্ট রাজনৈতিক নিশ্চয়তা চায় দল দুটি।
এ ছাড়া জামায়াত ও এনসিপির নেতাদের বিরুদ্ধে সরকারি দলের কয়েকজন নেতার ধারাবাহিক বক্তব্য নিয়েও আপত্তি রয়েছে তাদের। এসব বক্তব্য জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বিভক্তি ও তিক্ততা বাড়াচ্ছে বলে মনে করছেন তারা।
জামায়াতের নেতারা জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ। গণভোটে দেওয়া জনরায়ের পূর্ণ বাস্তবায়ন ছাড়া এ ঐক্য কার্যকর হবে না। ফ্যাসিবাদ প্রতিরোধে দলটির নিজস্ব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।
এদিকে জাতীয় সংলাপে অংশ নেওয়ার আগে নিজেদের অবস্থান নির্ধারণ করতে অভ্যন্তরীণ বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। দলটির নেতারা মনে করছেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য ইতিবাচক হলেও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারের বিষয়ে সরকারের সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রয়োজন।
দলটির নেতাদের মতে, জুলাই আন্দোলনের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব সরকারি দলের ওপরও রয়েছে। বিরোধী দলকে আস্থায় নিতে হলে সরকারকে সংস্কার বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে। তাহলেই জাতীয় ঐক্য কার্যকর ও টেকসই হবে বলে মনে করছেন তারা।









