কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকার। আগামী ২৯ ও ৩০ নভেম্বর কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। নতুন কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের সহিংসতা বা জননিরাপত্তার বিঘ্ন না ঘটে, সে জন্য আগেভাগেই নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে সবচেয়ে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে। পুলিশের সাঁজোয়া যান ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানোর পাশাপাশি অস্ত্র লুটের অভিযোগও উঠেছে। এ ছাড়া রাজনৈতিক কার্যালয়, বসতবাড়ি ও থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দেশের আরও কয়েকটি জেলায়ও সহিংসতা ছড়িয়ে পড়ে।
পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বরে নাশকতামূলক তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অক্টোবরে সারা দেশে ৫৭টি ঝটিকা কর্মসূচি ও নাশকতার তথ্য পাওয়া গেলেও নভেম্বরে প্রথম দুই সপ্তাহেই এ সংখ্যা বেড়ে ২৮১টিতে দাঁড়ায়। ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ এবং শতাধিক স্থানে ককটেল ও পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও থানায় ককটেল হামলার ঘটনাও ঘটেছে। দেশের বিভিন্ন মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে যান চলাচল বন্ধের চেষ্টা করা হয়েছে। কয়েকটি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন, ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। নাশকতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ জন্য পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়নসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। নাশকতার চেষ্টা হলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে মোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে আগে থেকেই মোতায়েন থাকা এক ব্যাটালিয়নের পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। শহরের প্রবেশপথগুলোতে তল্লাশিচৌকি বাড়ানো হয়েছে। বিমানবন্দর, পদ্মা ও যমুনা সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং থানাগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া পুলিশের মনোবল চাঙা রাখা এবং সম্ভাব্য হামলা মোকাবিলায় থানাগুলোতে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাসংলগ্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারখানায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পরিচয়পত্র যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর উদ্বেগের আরেকটি কারণ হয়ে উঠেছে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র। সাম্প্রতিক সময়ে কয়েকটি স্থানে পুলিশ ফাঁড়ি ও টহল দলের ওপর হামলা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ২০২৪ সালে লুট হওয়া এবং সাম্প্রতিক সময়ে বেহাত হওয়া অস্ত্র নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে। এরই মধ্যে কয়েকটি এলাকায় লুট হওয়া শটগান ও রাইফেল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোও। সম্ভাব্য সহিংসতা ও নৈরাজ্য ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের অবস্থান নেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। পাশাপাশি নাশকতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে বলে দলটির নেতারা জানিয়েছেন।
এদিকে, গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ও পরিকল্পনাকারীকে চিহ্নিত করার কথা জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে অর্থের জোগানদাতা হিসেবেও কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
গোয়েন্দা সূত্রের দাবি, দেশের দুর্গম চরাঞ্চলে গোপনে ককটেল ও হাতবোমা তৈরির তথ্য পাওয়া গেছে। পরে রাজধানীর কয়েকটি নির্দিষ্ট স্থান থেকে বিস্ফোরক ও অর্থ দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর অভিযোগও তদন্ত করা হচ্ছে।
এ ছাড়া রপ্তানিমুখী পোশাকশিল্পে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কাও করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
গোয়েন্দা সূত্রের দাবি, কিছু কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা আটকে রেখে অসন্তোষ তৈরির চেষ্টা হতে পারে। পরে শ্রমিকের ছদ্মবেশে অনুপ্রবেশ করে সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুরের মতো ঘটনা ঘটানোর আশঙ্কা রয়েছে। এসব সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলগুলোতেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।









