৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। কারিগরি পর্যায়ের এ বৈঠকে গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিনিময় করা হবে।

দুই দিনব্যাপী এ বৈঠকে অংশ নিতে ভারতের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। এতে বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের সদস্য এবং ভারতের পক্ষে দেশটির পানিসম্পদ বিভাগের একজন কর্মকর্তা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গঙ্গা নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করবে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে নদীটির পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। ফলে বিদ্যমান চুক্তির আওতায় এটিই দুই দেশের শেষ আনুষ্ঠানিক কারিগরি বৈঠক হতে যাচ্ছে।

যৌথ নদী কমিশন জানিয়েছে, চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তি করার বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে নেই। চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার এখতিয়ারও ভারতীয় প্রতিনিধিদলের নেই বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়ন অথবা নতুন চুক্তি করার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপড়েনের কারণে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

উজানে গঙ্গা নদীর ওপর ভারতের একাধিক বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যায় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে বাংলাদেশ। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এ পরিস্থিতিতে ভবিষ্যতে চুক্তি নবায়ন করা হলে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি উঠেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭৭ সালে। পরে দুই দেশ ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর পানিপ্রবাহ পরিমাপ ও বণ্টনের বিধান রয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী দুই দেশ পানির হিস্যা পেয়ে থাকে।