মানিকগঞ্জ জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ফিসহ অন্যান্য সরকারি রাজস্ব জমা নেওয়া হবে এ-চালান (অটোমেটেড চালান) পদ্ধতিতে। আগামী ১ ডিসেম্বর থেকে এ কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন এ পদ্ধতির মাধ্যমে অনলাইনে সরকারি রাজস্ব ও বিভিন্ন সেবা ফি জমা দেওয়া যাবে। এতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি অর্থ জমার প্রক্রিয়াও আরও সহজ ও গতিশীল হবে।
অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফ-এমএস) কর্মসূচির আওতায় এ-চালান পদ্ধতি চালু করা হয়েছে। ইতোমধ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় এ পদ্ধতিতে অর্থ জমা নেওয়া হচ্ছে।
এ ছাড়া ৩৬টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমেও চালানের অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি ট্রেজারি হিসাবে জমা দেওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জমার তথ্যও দেখতে পারছে।
সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোতে এ পদ্ধতি চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। পাশাপাশি সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ আগস্ট মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এ-চালান কার্যক্রম শুরু হয়। পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় এবার জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নতুন পদ্ধতিতে কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।








