বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। পরে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন ও হুমায়ুন কবির সোপান, উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ এবং সদস্যসচিব হেলাল উদ্দিন।

সভায় বক্তারা যুবদলের ইতিহাস, ঐতিহ্য এবং দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু ও সদস্যসচিব বেলাল হোসেনসহ জেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দলীয় কার্যালয় এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিল ও স্লোগানে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।