

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী সোমবার হরতাল ডেকেছে বাম জোট। সেই হরতালে কোন ধরনের ধ্বংসাত্মক কাজসহ জনগণের দুর্ভোগ সৃষ্টির পাঁয়তারা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, আমরা মনে করি রাজনৈতিক দলগুলো সহিংসতার পথ পরিহার করবে। তারা কোনো ভাঙচুরে যাবে না, ধ্বংসাত্মক কাজ করবে না। জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে না। জনগণের জানমালের কোনো বাঁধার সৃষ্টি করবে না। করলে যেটা হয় সেটিই হবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে চট্টগ্রামে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে জন্য হরতাল ডেকেছে, তেলের দাম শুধু বাংলাদেশে বাড়েনি। সারাবিশ্বেই বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যে যুদ্ধ শুরু হয়েছে তার কারণে পরিবহন ব্যয় তিনগুণ হয়ে গেছে। আমাদের দেশে তেলসহ অনেক কিছুই আমদানি নির্ভর। কাজেই আমদানি ক্ষেত্রে দাম যে অস্বাভাবিক বেড়েছে তার প্রভাব কিছুটা দেশের বাজারে পড়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য প্রধানমন্ত্রী ভ্যাট ও ট্যাক্স কমিয়ে দিয়েছেন।
পেঁয়াজ ও তেলের দাম নিম্নমুখী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই, তারপরও যদি কেউ হরতাল ডাকে কিছু বলার নেই। আমাদের আবেদন থাকবে যারা হরতাল ডেকেছে তারা যেন কোনো রকম ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকে এবং জনজীবনের দুর্ভোগ সৃষ্টি না করে। জানমালের ক্ষতি না করে।
মন্ত্রী বলেন, নির্বাচন এলে অনেকেই অনেক কৌশল অবলম্বন করে। নির্বাচনে যেন না আসতে হয়, নির্বাচন যেন ফেস না করতে হয়। জনগণের ভোট ছাড়া অন্যভাবে ক্ষমতায় আসা যায় কি না, এ ধরনের কৌশল অনেকেই করে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনগণের ভরসায় চলে, জনগণের শক্তিকে নিজের শক্তি মনে করে। কাজেই জনগণের শক্তিতেই তিনি রাজনীতি করেন। জনগণের আস্থার রাজনীতি করেন।
প্রসঙ্গত গত ১১ মার্চ পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি প্রতিরোধ ও মানুষকে বাঁচানোর দাবিতে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দেয়।
এদিকে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে সর্বাত্মক সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। রোববার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানানো হয়।



