পবিত্র মাহে রমজান আসতে আর বেশি দিন বাকি নেই। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৭, সোমবার থেকে ১৪৪৮ হিজরির পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে নতুন চাঁদ দেখার ওপর।

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রচক্রের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় রমজান প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এভাবে প্রায় ৩৩ বছরের একটি চক্রে রমজান বছরের বিভিন্ন ঋতুতে ফিরে আসে।

সম্ভাব্য সময়সূচি

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ২০২৭, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হতে পারে। চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবিহ আদায় করা হবে এবং পরদিন থেকে রোজা শুরু হতে পারে।

citytouch 728-X-90

হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চাঁদ দেখা ও ঘোষণার সময়ের পার্থক্যের কারণে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রমজান মাস ২৯ দিনে পূর্ণ হলে মধ্যপ্রাচ্যে ৯ মার্চ এবং বাংলাদেশে ১০ মার্চ ২০২৭ ঈদুল ফিতর হতে পারে।

এ হিসাবে বাংলাদেশে ২৭ রমজান ৫ মার্চের দিবাগত রাতে পড়ার সম্ভাবনা রয়েছে। ওই রাতেই পবিত্র লাইলাতুল কদর পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদ দেখাই চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি

তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব কোনো চূড়ান্ত ঘোষণা নয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী, রমজান শুরু ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বাংলাদেশে এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

ফলে ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ এখনই জানা গেলেও বাস্তবে এক দিন আগে-পরে হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট সময়ে চাঁদ দেখার তথ্য ও সরকারি ঘোষণার ভিত্তিতে।