ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার দুই দিন পর দলটির সাবেক আহ্বায়ক মো. আমিনুল হককে আবারও একই পদে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন রূপনগর থানার ওসি নোমান হোসেন। সরকারি দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার এমন রাজনৈতিক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ উল্লেখ করা হয়নি; শিগগির নতুন কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে।
এর দুই দিন পর ওসি নোমান হোসেনের ফেসবুক অ্যাকাউন্টে আমিনুল হককে ফের আহ্বায়ক হিসেবে দেখতে চেয়ে পোস্ট দেওয়া হয়। সেখানে আমিনুল হককে ‘সৎ, নীতিবান, আদর্শবান ও পরোপকারী’ উল্লেখ করে ঢাকা মহানগর উত্তরের জনগণ তাঁকে আবারও ওই পদে দেখতে চায় বলে দাবি করা হয়।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকে সরকারি কর্মচারী হিসেবে একজন পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কমিটি নিয়ে প্রকাশ্য অবস্থান নেওয়ার সমালোচনা করেন এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আবার কেউ কেউ পোস্টটির পক্ষে মন্তব্য করেন। পরে শনিবার বিকেলে পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে।
এ বিষয়ে রূপনগর থানার ওসি নোমান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, তিনি ওসির পোস্টটি দেখেছেন এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে; দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।










