বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। বোয়েসেলের সরকারি নিয়োগ প্ল্যাটফর্মেও Unity Land Sdn Bhd-এর এসব পদের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে।

Unity Land Sdn Bhd-তে কাঠমিস্ত্রি ২০ জন, নির্মাণশ্রমিক ৭০ জন, রাজমিস্ত্রি ২০ জন, ইলেকট্রিশিয়ান ৫ জন, ট্রাক ড্রাইভার ২ জন, ভারী যানবাহন চালক ২ জন, অপারেটর ৪ জন, প্লাম্বার ১০ জন এবং ওয়েল্ডার ১৫ জন নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম তিন পদের মজুরি প্রতিদিন ২০ ব্রুনেই ডলার, আর চতুর্থ থেকে নবম পদের জন্য প্রতিদিন ২২ ব্রুনেই ডলার। বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

citytouch 728-X-90

নির্বাচিত কর্মীদের থাকার ব্যবস্থা কোম্পানি করবে এবং বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে। চাকরির মেয়াদ দুই বছর, যা নবায়নযোগ্য। প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে।

আগ্রহীদের বোয়েসেলের অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা এবং আবেদনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।

চূড়ান্তভাবে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বোয়েসেলের সার্ভিস চার্জ, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক খরচ বাবদ দক্ষ কর্মীদের ৫৬ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৪ হাজার ৮৫০ টাকা জমা দিতে হবে।