ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৫০)। তাঁদের দুজনের বাড়ি নরসিংদী জেলায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, নরসিংদী থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। পথে বৈষামোড়া এলাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

citytouch 728-X-90

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।