ডোপ টেস্টে মাদক গ্রহণের ফল পজিটিভ আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. ওসমান গনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিস্তারিত তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, পরীক্ষার ফল পজিটিভ আসার পর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কনস্টেবল মো. ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশে গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওসমান গনির আচরণ ও চলাফেরা নিয়ে সন্দেহ দেখা দিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তার ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় পজিটিভ ফল আসার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি কী ধরনের মাদক গ্রহণ করেছেন এবং এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।










