নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আবীর (২২) নামে এক সৌদিপ্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা এনামুল মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবীর ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ শতাংশ কৃষিজমি নিয়ে এনামুল মিয়ার সঙ্গে একই গ্রামের বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার বকুল মিয়ার লোকজন এনামুল মিয়ার বাড়িতে গিয়ে তাকে ও তার ছেলে আবীরকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সময় আবীর ঘুমিয়ে ছিলেন। ছেলেকে রক্ষা করতে গিয়ে এনামুল মিয়াও হামলার শিকার হন।
পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার পর আবীরের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।










