জাহিদুল ইসলাম জসিম, রংপুর প্রতিনিধিঃ


ছেলের ছুরিকাঘাতে মহুবার রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে হাসানুর রহমান (২২) পলাতক রয়েছেন।


citytouch 728-X-90

নিহত মহুবার রহমান ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।


পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানান, মহুবার রহমানের ছেলে হাসানুর রহমান তিন মাস আগে বিয়ে করেন। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে তার শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তার শাশুড়িকে বসতে ও খেতে বলেননি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে বাবা মহুবার রহমান ছেলেকে তার শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলতে এবং ভাত খাওয়ার জন্য বলতে বলেন। এ সময় হাসানুর বাবার কথা না শোনায় একপর্যায়ে মহুবার রহমান তাকে একটা থাপ্পড় দেন। শাশুড়ির সামনে বাবার হাতে থাপ্পড় খাওয়ায় ক্ষুব্ধ হন হাসানুর। পরে পাশে থাকা একটি ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন তিনি। ছুরিকাঘাতে মহুবার রহমান গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে জ্ঞান হারান। পরে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


ওসি সেলিম মালিক বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।