বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) সনাতন শিক্ষার্থীদের বৈদিক নবীন বরণ-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সনাতন বিদ্যার্থী সংসদ, বেরোবির আয়োজনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন সনাতন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক সম্প্রীতি এবং সনাতন ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে নতুন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে নানা আয়োজন করা হয়।

citytouch 728-X-90


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সনাতন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানানোর পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক পরিচয়, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।


সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কাকলী রায় বলেন, "এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের নিজস্ব ধর্মীয় সংস্কার, ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি আমরা বিশ্বাস করি, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং অন্য সব ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করা। এছাড়া পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"


সংগঠনের সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, "আমরা সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে যেতে চাই। জুনিয়রদের ধর্মীয় জ্ঞান অর্জন, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা এবং ধর্ম পালনের ক্ষেত্রে সনাতন বিদ্যার্থী সংসদ, বেরোবি সবসময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যেতে চাই।"


আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চা জোরদার করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


তারা আরও জানান, বিশ্ববিদ্যালয়জীবনের নতুন পথচলায় নবীন শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে সংগঠনটি পাশে থাকবে। ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


রাকিবুল হাসান মুন্না 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।